ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে সেখানে তিনি মোনাজাত ও মিলাদে অংশ নেন।
আজ ১৫ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা যান বনানী কবরস্থানে। সেখানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
এরপর টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনের দোয়া মাহফিলে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন।
এদিন মিলাদ ও দোয়া হবে দেশের সব মসজিদে। এছাড়াও মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সব উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।
















