গাজীপুরে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর মহানগরীতে গ্যাসের চুলা ফুটো হয়ে নির্গত গ্যাস থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। গাজীপুর সিটি করপোরেশনের সালনা কাথরা মণ্ডলবাড়ি এলাকায় আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন বাড়ির মালিক ইয়াকুব আলী মণ্ডল (৬০), তাঁর স্ত্রী আকলিমা খাতুন (৫০), তাঁদের ছেলে স্বপন মণ্ডল (৩০) ও ইয়াকুবের শ্বশুর নূর মোহাম্মদ (৮০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর সিটির কাথরা মণ্ডলবাড়ি এলাকার একতলা ভবনের এক ইউনিটের একটি কক্ষে ইয়াকুব ও তাঁর স্ত্রী এবং পাশের কক্ষে স্বপন ও তাঁর নানা ঘুমিয়ে ছিলেন। ভোর পৌনে পাঁচটার দিকে বিকট শব্দে কক্ষের দরজা–জানালা ভেঙে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে। পরে এলাকাবাসী গিয়ে আগুন নিভিয়ে কক্ষ থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। সামান্য আহত স্বপনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আগুনে ঘরের খাট, বিছানা, কাপড়-চোপড়সহ বিভিন্ন জিনিস পুড়ে গেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে সারা রাত পুরো ইউনিটে গ্যাস ছড়িয়ে পড়ে। পুরো বাড়ির দরজা, জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে না পেরে আটকে ছিল। কোনোভাবে আগুন ধরে বিস্ফোরণ হয়ে আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ শতকরা ২৫ ভাগ, ইয়াকুব আলী মণ্ডল ১০০ ভাগ ও আকলিমা খাতুন ৯৫ ভাগ দগ্ধ হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. শরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওই বাড়ির রান্নাঘর অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে ঘরে জমে থাকা গ্যাসের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক, ফলাফল শূন্য
পরবর্তি সংবাদকাশ্মীরের সংকট শুধু কাশ্মীরীদের নয়, বরং বাংলাদেশেরও : আল্লামা কাসেমী