লক্ষ্মীপুরে মোটরসাইকেল কেনার একদিনের মাথায় নিহত কলেজছাত্র

ইসলাম টাইমস ডেস্ক: লক্ষ্মীপুরে মোটরসাইকেল কেনার একদিনের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন ইব্রাহিম (১৭) নামে এক কলেজছাত্র।

রোববার সকালে লক্ষ্মীপুর শহরের জেবি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম দালালবাজার ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিদেশ ফেরত বাবার কাছে ইব্রাহিম মোটরসাইকেলের জন্য আবদার করে।

ঠিকমতো চালাতে না পারলেও আবদার রক্ষায় আবুল খায়ের ছেলেকে শনিবার বিকালে নতুন একটি মোটরসাইকেল কিনে দেন।

সকালে ওই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় ইব্রাহিম। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের ওপর পড়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করলেন ওসি।

পূর্ববর্তি সংবাদহালদা নদী দূষণ: এশিয়ান পেপার মিলস বন্ধের নির্দেশ দিলেন পরিবেশ অধিদফতর
পরবর্তি সংবাদঢাকা মেডিকেল কলেজে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০