ইসলাম টাইমস ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যে বসবাসরত চাকমা জাতিগোষ্ঠীর জনগণ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে। তারা জাতিগত নির্যাতনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামকে আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে ভারতের অংশ করে দেয়ার দাবি জানিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
২০১৬ সাল থেকে ১৭ আগস্টকে কালো দিবস পালন করছে চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়া এবং ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। তারা আগরতলাসহ ত্রিপুরার ১১টি স্থানে বিক্ষোভ করেন। চাকমা ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডিয়ার মহাসচিব উদয় জ্যোতি চাকমা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ১৯৪৭ সালে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পর থেকেই সেখানে নির্যাতন চলছে। এর প্রতিবাদেই এই কালো দিবস পালিত হচ্ছে।
আরেক চাকমা নেতা অনিরুদ্ধ চাকমা বলেন, ‘আমরা বৈষম্য, জাতিগত নিধন এবং অবিচারের শিকার চাকমা জনসাধরণের কষ্টে সামিল হতে এই কালো দিবস পালন করছি।’ আমরা মনে করি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা আন্তর্জাতিক বিচারিক আদালতে এর বিচার চাই।’
এর আগেও এ ধরণের দাবি করেছিলেন চাকমা নেতারা। এর আগে ১৯৪৭ সালের ১৫ আগস্ট রাঙামাটিতে ভারতের পতাকা উড়িয়েছিলেন চাকমা নেতা সূর্য কুমার চাকমা। এর দুই দিন পরে ১৭ আগস্ট রেডিও চট্টগ্রামে জানানো হয়, এটি পাকিস্তানের অংশ। ২১ আগস্ট পাকিস্তান সেনাবাহিনী এই পতাকা নামিয়ে ফেলে। ১৯৭১ সালে বাংলাদেশ জন্মের পর থেকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।
















