গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ. লীগের শ্রদ্ধা নিবেদন

ইসলাম টাইমস ডেস্ক: ২০০৪ সালের ২১ আগস্টের দিন ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

আজ বুধবার (২১ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২১ আগস্টের মাধ্যমে রাজনীতির যে দেয়াল তুলেছে তা এড়িয়ে যাওয়া সম্ভব না। এসময় হামলাকারীদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি।

একই সময় ২০০৪ সালের ২১ আগস্ট হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগরসহ দলটির অন্যান্য থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্টের দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। সেখানে খোলা ট্রাকের ওপর স্থাপিত উন্মুক্ত মঞ্চে বক্তৃতা দেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।

বক্তৃতা শেষে ৫টা ২২ মিনিট, শেখ হাসিনা সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন, ঠিক সেই মুহূর্তেই অতর্কিত গ্রেনেড বিস্ফোরণের প্রচণ্ড শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, পুরানা পল্টন ও এর আশপাশের এলাকা।

চারদিক থেকে সভাস্থলে গ্রেনেড এসে পড়তে থাকে। মহূর্তের মধ্যে সমাবেশস্থল রক্তাক্ত হয়ে পড়ে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিণত হয় মৃত্যুর জনপদে। শত শত মানুষের আর্তচিত্কার, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকা ছিন্নভিন্ন দেহ, রক্ত আর বারুদের পোড়া গন্ধে পুরো এলাকাজুড়ে বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়।

ওই সময়ে শেখ হাসিনা সেই গ্রেনেড হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি (দলের তত্কালীন সভাপতিমণ্ডলীর সদস্য) মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন মারা যান।

 

পূর্ববর্তি সংবাদমাগুরায় একই রশিতে নব-দম্পতির আত্মহত্যা
পরবর্তি সংবাদপাকবাহিনীর পাল্টা আক্রমণে ৬ ভারতীয় সেনা নিহত