কাল জুমার পর কারফিউ ভেঙ্গে বিক্ষোভের আহ্বানে কাশ্মিরের দেয়ালে দেয়ালে পোস্টার

ইসলাম টাইমস ডেস্ক: আগামিকাল শুক্রবার জুমার নামাজের কারফিউ ভেঙ্গে প্রতিবাদ মিছিলের আহ্বান করেছেন ভারত অধিকৃত কাশ্মিরের স্বাধীনতাকামী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কাশ্মীর থেকে বিবিসি ও রয়টার্স সংবাদদাতারা নিশ্চিত করেছেন, শহরের কয়েকটি এলাকায় স্বাধীনতাকামী নেতাদের যৌথ সংগঠন ‘জয়েন্ট রেজিস্ট্যান্স লিডারশিপের’র নামে ওই ধরনের পোস্টার চোখে পড়ছে।

তবে যেহেতু ওই নেতারা এখনও আটক বা গৃহবন্দী, ফলে সত্যিই তারা ওই ডাক দিয়েছেন কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দুসপ্তাহ আগে শ্রীনগরেরই সৌরা এলাকায় শুক্রবারের নামাজের পর অনেক মানুষ প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছিল, যে ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা আলোড়ন ফেলে দেয়।

কাল শুক্রবারের নামাজের আগেও নিরাপত্তাবাহিনী শ্রীনগর-সহ গোটা কাশ্মীরকে কঠোর নিরাপত্তা ও কারফিউতে মুড়ে রেখেছে।

রয়টার্স জানাচ্ছে, শ্রীনগরের দেওয়ালে সাঁটা একটি পোস্টারে লেখা হয়েছে, “প্রত্যেক কাশ্মীরি – তরুণ বা বৃদ্ধ, পুরুষ বা মহিলা – সবাইকে বলা হচ্ছে শুক্রবারের নামাজের পর বিক্ষোভ মিছিলে যোগ দিতে।”

শ্রীনগরে জাতিসংঘের যে সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর (ইউএনএমওজি) কার্যালয় আছে, প্রতিবাদ মিছিল সেই অভিমুখে যাবে বলেও জানানো হয়েছে।

এখন এই পোস্টারের আহ্বানে কতটা সাড়া মিলবে তা স্পষ্ট নয়, কিন্তু নামাজ-পরবর্তী জমায়েত ঠেকাতে ভারতের নিরাপত্তা বাহিনী কোনও ঝুঁকি নিচ্ছে না।

 

পূর্ববর্তি সংবাদসড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ
পরবর্তি সংবাদদুর্নীতির মামলায় গ্রেফতার ভারতের সাবেক অর্থমন্ত্রী চিদাম্বরম