প্রত্যাবাসনের নিরাপদ পরিবেশ না থাকায় দেশে ফিরতে চাইছেন না রোহিঙ্গারা

ইসলাম টাইমস ডেস্ক: দু’দিন ধরে সাক্ষাতকার গ্রহণের পর এবারও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মূল কার্যক্রম শুরু হল না। প্রত্যাবাসনের তৎপরতা শুরু হলে মিয়ানমারের নাগরিকত্ব, স্বাধীনভাবে চলার নিশ্চয়তা, ফেলে আসা সম্পত্তি ফেরত ও নিরাপত্তা নজরদারির শর্ত দিয়েছিলেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।  কিন্তু মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ না থাকায় রোহিঙ্গাদের কেউ তাদের আদি নিবাসে ফিরতে চাইছেন না।

আজ বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনপ্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। এ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, রোহিঙ্গাদের দেওয়া শর্ত পূরণ না হলে তাদের একজনও স্বদেশে ফিরতে চান না।

 

আবুল কালাম বলেন, মিয়ানমার থেকে ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গার নামের তালিকা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছিল। তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আজ দুপুর ১২টা পর্যন্ত ২৯৫ পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর মধ্যে শর্তবিহীনভাবে স্বদেশে ফেরত যাওয়ার মতো একজনকেও পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যাবাসনপ্রক্রিয়ার জন্য আজ যে নির্ধারিত সময় ছিল, তাতে সরকার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। কোনো রোহিঙ্গা নাগরিক যদি বিনা শর্তে দেশে যেতে চান, তাহলে তাদের স্বদেশে ফেরত পাঠানো হবে। আজও তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। প্রক্রিয়াটি চলমান।

আবুল কালাম আরও বলেন, বাংলাদেশ সরকার প্রথম থেকে বলে আসছিল, কোনো রোহিঙ্গা নাগরিককে জোর করে মিয়ানমারে পাঠানো হবে না। তাই আজও তাদের সাক্ষাৎকার গ্রহণ চলছে।

 

পূর্ববর্তি সংবাদদুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে নিহত ৩, আহত ৩১
পরবর্তি সংবাদআজ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী