ইসলাম টাইমস ডেস্ক: আজ শুক্রবার হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠান। জন্মাষ্টমী ঘিরে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাশাপাশি র্যাবসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে ‘শোভাযাত্রার’ মিছিলের সঙ্গে নিরাপত্তা দেওয়ার।
প্রথমবারের মতো এবার জন্মাষ্টমীর ‘শোভাযাত্রার’ পেছনে পিকআপ অথবা ট্রাকে সাউন্ড সিস্টেম (স্পিকার) ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সকাল ৮টায় ‘দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ’, বিকেল ৩টায় ‘জন্মাষ্টমী শোভাযাত্রা’।
ডিএমপি সূত্র জানায়, জন্মাষ্টমীর ‘শোভাযাত্রা’ চলাকালীন পুরান ঢাকার প্রতিটি রাস্তার পাশের ভবনের ছাদে অবস্থান করবে পুলিশ সদস্য। বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রায় আগত ট্রাক ও পিকআপকে বোমা নিষ্ক্রিয়কারী দল দিয়ে সুইপিং করা হবে। এ ছাড়া আয়োজক কমিটিকে নিজেদের পরিচয়পত্র সম্বলিত পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করতে বলা হয়েছে। তারা বাইরে থেকে আগত কাউকে শোভাযাত্রায় প্রবেশ করতে দেবে না।
গত বুধবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি জানায়, ‘শোভাযাত্রায়’ প্রথম অবস্থা থেকে মিলিত হতে হবে। কোনোক্রমেই মাঝপথে কোনো ব্যক্তি শোভাযাত্রায় অংশ নিতে পারবে না। নিরাপত্তার স্বার্থে শোভাযাত্রায় হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দেয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নিতে পারবে না। এছাড়া শোভাযাত্রা চলাকালীন রুটে কোনো ধরনের ফলমূল ছোঁড়া যাবে না।
















