ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি প্রস্থান করেছেন। শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ৬৬ বছর বয়স হয়েছিল অরুণ জেটলির।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। ডায়াবিটিসের সমস্যায় ভুগছিলেন। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। শারীরিক অসুস্থতার জেরে মে মাসেও এক বার এমসে ভর্তি হন জেটলি। সেই থেকে সক্রিয় রাজনীতিতে সে ভাবে আর দেখা যায়নি তাঁকে।
দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন অরুণ জেটলি। ১৯৯৯ সালে অটলবিহারী সরকারের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। পরে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও গিয়েছেন। তবে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, তাঁর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন অরুণ জেটলি। প্রথম দফায় মোদী সরকারের অর্থ এবং প্রতিরক্ষা, দুই বিভাগই সামলান তিনি।
















