কাশ্মীরে জুমার নামাজের পরেই বিক্ষোভ-সংঘর্ষ, পুলিশের গুলি

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরে সঙ্কট দিন দিন ঘনীভূত হচ্ছে। উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়ছে ক্ষোভের আগুন। এরই মধ্যে এ অঞ্চলের প্রধান শহর শ্রীনগরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তা বাহিনী ছররা গুলি আর কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজ শেষে শহরের সাউরা এলাকায় বিক্ষোভকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নারী-পুরুষ নির্বিশেষে শত শত মানুষ এ বিক্ষোভে অংশ নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।

বিবিসির সংবাদদাতা আমির পীরজাদা ঘটনাস্থল থেকে জানান, এ সহিংসতায় ঠিক কতো জন হতাহত হয়েছেন তা স্পষ্ট নয়। কেননা গ্রেফতারের ভয়ে আহতদের অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালেও যাননি। তবে অন্তত দু’জন আহত বলে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে গুলিতে আহত একজনের চোখ দিয়ে রক্ত ঝরছিল, অপরজনে কাঁধে জখম হয়েছে।

শ্রীনগরের সাউরা অঞ্চলে দিনদিন বিক্ষোভের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। তিন সপ্তাহ আগে ভারত সরকার ‘ভূ-স্বর্গ’ বলে খ্যাত এ উপত্যকার বিশেষ মর্যাদা রদের ঘোষণা দিলে কাশ্মীরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে এ অঞ্চলকে কার্যত ব্ল্যাকআউট করে রেখেছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা।

এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ এ অঞ্চলের শত শত মানুষকে আটক করা হয়েছে। এছাড়া বেশির ভাগ এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন।

পূর্ববর্তি সংবাদতারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে: কাদের
পরবর্তি সংবাদফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ২০