ইসলাম টাইমস ডেস্ক: গত মঙ্গলবার (২০ আগস্ট) মশা নিধনের জন্য চিরুনি অভিযান শুরু করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম। সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রতিদিন চলবে এ অভিযান। তবে মেয়র দেশের বাইরে থাকায় গত দুদিন ধরে বন্ধ রয়েছে চিরুনি অভিযানের কার্যক্রম।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএনসিসি মেয়র নেপাল গেছেন। সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সমাপনীতে যোগ দেওয়ার পর আজ শনিবার (২৪ আগস্ট) তার দেশে ফেরার কথা।
চিরুনি অভিযান শুরু করার বিষয়ে ডিএনসিসি থেকে বলা হয়, এডিস মশার লার্ভা নিধনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সংস্থাটির ১৯ নং ওয়ার্ডে অভিযান শুরু করা হয়। ডিএনসিসি মেয়র ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এ কর্মসূচির উদ্বোধন করেন। তবে উদ্বোধনের দিনসহ তিন দিন চলার পর শুক্রবার (২৩ আগস্ট) থেকে অভিযান বন্ধ রয়েছে। যদিও শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের এ ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার ও আজ শনিবার সরেজমিনে ডিএনসিসির ১৯ নং ওয়ার্ডে গিয়ে মশকনিধন অভিযানের কাউকে দেখা যায়নি। একাধিক পরিচ্ছন্নতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা শুক্রবার ও শনিবার কাজ করেননি।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ১৯ নং ওয়ার্ডে পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করি। আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে একই স্টাইলে ৩৫টি ওয়ার্ডে কাজ শুরু হবে।’
দুদিন অভিযান না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকালকের বিষয়ে আমি একটি জায়গা থেকে অভিযোগ শুনেছি। কিন্তু আমার কাছে অভিযান চালানোর বিষয়ে এমন কোনও নির্দেশনা ছিল না। কিন্তু আমি জানি, আমার কর্মীরা তো কাজ করেছেন। আর চিরুনি অভিযান তো আমরা শুধু একটি ওয়ার্ডেই করছি। আমি শুনেছি মেয়র সাহেবকে বলা হয়েছে, শুক্রবারটা একটু কর্মীদের রিলাক্স দেওয়ার জন্য। কিন্তু ফাইনালি কী হয়েছে, আমি জানি না।’ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে তিনি কথা বলবেন বলে জানান।
তবে অভিযান শুরুর দিনই বাড়িমালিকদের একধরনের বাধার মুখে পড়ে ডিএনসিসি। বাড়ির দরজা বন্ধ, লিফটের ডিভাইস খুলে রাখা, ছাদে তালা দিয়ে দেওয়াসহ নানা কাণ্ড ঘটান তারা। মেয়র আতিকুল ইসলামও এমন অভিযোগের কথা স্বীকার করেন।
















