যশোরে চুরির মামলা দায়ের করায় বাড়িতে ভাঙচুর

ইসলাম টাইমস ডেস্ক: যশোরে চুরির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া আসামির পরিবার অভিযোগকারীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে বেনাপোলে মিলন হোসেনের বাড়িতে এ ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।

গ্রেফতার হওয়া সামাদ বেনাপোল পাটবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে ও চুরি হওয়া বাড়ির মালিক একই গ্রামের মোছলেম শেখের ছেলে মিলন হোসেন।

মিলন হোসেন বলেন, গত ২৩ আগস্ট রাতে সে তার পরিবারসহ বাড়ির বাইরে ছিল। এ সুযোগে তার বাড়ির গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে কে বা কারা ঘরের মধ্যে থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এরপর সে বেনাপোল থানায় অজ্ঞাত নামা একটি সাধারণ ডায়েরি করে। ডায়েরি করার পর বেনাপোল পোর্ট থানা পুলিশ সামাদ নামে একজনকে গ্রেফতার করে।

এরপর সামাদের নামে মিথ্যা অভিযোগ এনে মিলন মামলা করেছে এমন অভিযোগে সামাদের স্ত্রী ও তিন কন্যা মিলনের বাড়ির জানালা ভেঙে ফেলে এবং বাড়িতে ইট ছুঁড়ে মারে।

বিস্তারিত জানার জন্য সামাদের বাড়িতে গেলে সেখানে তাদেরকে পাওয়া যায়নি এবং ঘর তালা বদ্ধ অবস্থায় পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি আলমগীর হোসেন বলেন, পুলিশ বাড়ি  ভাঙচুরের ঘটনার তদন্ত করেছে। তবে অপরাধীরা গা ঢাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

পূর্ববর্তি সংবাদবিমানে রাহুলকে পেয়ে যেভাবে কান্নায় ভেঙ্গে পড়েন কাশ্মীরী নারী (ভিডিও)
পরবর্তি সংবাদকাশ্মীরে যাত্রীবাহী গাড়ি উল্টে নিহত ৫, আহত ৩০