ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাস ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ চারজন আহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট বাইন্যাপুকুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- লেগুনা চালক সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকার মো. দিদারুল ইসলাম হৃদয় (১৮), চন্দনাইশ পাঠানদন্ডি শিকদার বাড়ি এলাকার জান্নাতুল ফেরদাউস (২৭), লোহাগাড়া উপজেলার মো. হেলাল (২৫) ও একজন অজ্ঞান থাকায় তার নাম জানা যায়নি।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল হাসান জানান, রবিবার বিকাল ৪টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে উপজেলার বাগিচাহাট বাইন্যাপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখি সৌদিয়া যাত্রীবাহী বাসের সঙ্গে কেরানীহাটমুখি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।
আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালক দিদারুল ইসলাম হৃদয় ও জান্নাতুল ফেরদাউসকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠান।
















