সুদানে বন্যায় শিশুসহ ৬২ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত দুই লক্ষাধিক

ইসলাম টাইমস ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নারী ও শিশুসহ অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৯৮ জন। ভয়াবহ এই বন্যায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দুই লক্ষাধিক লোক।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে সৌদির গণমাধ্যম ‘আরব নিউজ’ জনায়, গত জুলাই মাস থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেশটির অন্তত ১৮টি প্রদেশের মধ্যে রাজধানী খার্তুমসহ মোট ১৫টি প্রদেশ পুরোপুরি প্লাবিত হয়েছে।

ভয়াবহ এই বন্যায় প্রদেশগুলোতে বসবাসরত প্রায় দুই লক্ষাধিক লোক এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকার বাসিন্দারা।

এ দিকে, গত শুক্রবার (২৩ আগস্ট) জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছিল, বেশ কিছু দিন যাবত চলা ভারী বৃষ্টিপাতের কারণে এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

অপর দিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জনায়, এবারের বন্যায় অন্তত ৩৭ হাজারের বেশি বসতবাড়ি কবলিত হয়েছে। যার মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে প্রায় ৫৯৫টির বেশি বাড়ি।

সুদানের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, চলতি মাস শেষ হয়ে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরেও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা আছে। যে কারণে আগামীতে আরও বেশি ক্ষয়ক্ষতি এবং হতাহতের আশঙ্কা করছে দেশটির সরকার।

পূর্ববর্তি সংবাদআগামী শুক্রবার ঢাকায় ‘সর্বদলীয়’ কাশ্মীর সংহতি ফোরামের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদইলিশ: জেনে নিন কোনটি পদ্মার, কোনটিতে স্বাদ বেশী