ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মিরে মুসলিম হত্যা বন্ধ ও তাদের স্বায়ত্বশাসন পুনর্বহালের দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
এতে সভাপতির বক্তৃতায় দলটির আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন, কাশ্মীরীরা প্রায় দীর্ঘ ৭০ বছর ধরে ভারত শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। একটি স্বাধীন ভূস্বর্গকে পরাধীনতার শৃংখলে আবদ্ধ করে জোর পূর্বক শাসন করে আসছে ভারত সরকার। যা সম্পূর্ণ অনৈতিক।
সেখানে গণ ভোটের মাধ্যমে তাদের অবস্থান পরিস্কারের ইখতিয়ার দেয়ার কথা থাকলেও তা না করে বরং ১৯৪৭ সালে কাশ্মীরের তৎকালীন রাজা হরিসেন ভারত সরকারের সাথে এক চুক্তি করে এর আওতায় ভারত সরকার তাদের সংবিধানে ৩৭০ ধারা সংযোজন করে।
এর আওতাধীন দেয়া সুযোগ সুবিধা তথা অনুচ্ছেদটি বাতিলের মধ্য দিয়ে নতুন করে পরিস্থিতি ঘোলাটে করছে। কাশ্মীরের মোড়ে মোড়ে সেনা ক্যাম্প স্থাপন করে তাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করছে। তাদের উপর কারফিউ জারি করে শত শত কাশ্মীরী মুসলমানকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা ও ঔষধপত্রের অভাবে কাতরাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।
সমাবেশে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়।
















