ইসলাম টাইমস ডেস্ক: ফ্রান্সে জি-৭ বৈঠকের মাঝে ভারতের প্রধানমন্ত্রীর ভাষাজ্ঞান নিয়ে ফের মজা করলেন ট্রাম্প। এর আগে গতবছর ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদীর কথা বলার ভঙ্গি নকল করে দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একবার ভারতের প্রধানমন্ত্রীর জন্য ‘ঘটকালি’ করার কথাও বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, জি-৭ সম্মেলনের মধ্যে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়ারিৎজ শহরে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর পর সোমবার ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্ন শুনে মোদী হিন্দিতে বলেন, ‘’আমাদের কথা বলতে দিন। প্রয়োজন অনুযায়ী আপনাদের তথ্য জানিয়ে দেব।’’
এরপরই মজা করে ট্রাম্প বলেন, ‘উনি (মোদী) কিন্তু খুব ভালো ইংরেজি বলতে পারেন, তবে বলতে চান না।’
মার্কিন প্রেসিডেন্টের কৌতুক দেখে মোদিও হাসি দেন।
















