বিতর্কের মুখে প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন

ইসলাম টাইমস ডেস্ক: প্লট চেয়ে করা আবেদনপত্রটি বিতর্কের মুখে প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৭ আগস্ট) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর বরাবর লেখা এক চিঠিতে প্লট চেয়ে করা আবেদনটি প্রত্যাহার করে নেন রুমিন ফারহানা।

চিঠিতে ব্যারিস্টার রুমিন ফারহানা লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যকে বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্লটের আবেদন প্রত্যাহার করে চিঠি দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার এ যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপির সব কর্মীর মতো আমিও একজন কর্মী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধাবোধ করছি।

এর আগে গত ৩ আগস্ট গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে ঢাকার পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেন রুমিন ফারহানা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকে বর্তমান সংসদকে ‘অবৈধ’ বলে আসা রুমিনের প্লটের আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

প্লটের আবেদন নিয়ে সমালোচনা শুরু হলে বিএনপির শীর্ষ পর্যায় থেকে অবশ্য রুমিনকে নির্ভার থাকতে বলা হয়। তবে দলের তৃণমূলের নেতাকর্মী ও দলের একটি অংশে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।

পূর্ববর্তি সংবাদমোদি সরকার কাশ্মীরকে ধ্বংস করে দিয়েছে: গুলাম নবী আজাদ
পরবর্তি সংবাদকাশ্মির ইস্যু: ট্রাম্প-মোদি বৈঠকের কয়েক ঘন্টা পরেই সৌদি যুবরাজকে ইমরান খানের ফোন