ইসলাম টাইমস ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায় আচমকা হামলা চালিয়েছে দেশটির ইরানপন্থি হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত বিদ্রোহীরা। এতে দেশটির সৌদি সমর্থিত সরকারী বাহিনীর অন্তত ২৫ সেনার মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
এ দিকে পরিচয় গোপন রাখার শর্তে দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা চীনা বার্তা সংস্থা ‘জিনহুয়া’কে বলেন, ‘মঙ্গলবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাতে হুথি বিদ্রোহীরা সাদার পূর্ব কাটাফ অঞ্চলে সরকারি বাহিনীর বেশ কয়েকটি ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।’
তিনি বলেছিলেন, ‘ভয়াবহ সেই হামলায় অন্তত ২৫ সেনার মৃত্যুসহ আরও বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে হুথি সদস্যরা এদের মধ্যে কয়েকজনকে নিজেদের বন্দি বানিয়ে ফেলে।’
অপর দিকে প্রদেশটির গভর্নর হাদী তৃষ্ণা ‘জিনহুয়া’কে নিশ্চিত করেছেন যে টানা তিন দিন যাবত কাটাফের নিকটবর্তী অঞ্চলে ভয়াবহ সশস্ত্র সংঘাত অব্যাহত আছে।
তিনি বলেন, ‘কাটাফ এলাকার কাছে হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান লড়াইয়ে সরকারি বাহিনীর ইউনিটগুলোকে সহায়তার জন্য অতিরিক্ত শক্তি পাঠানো হয়েছে। যে কারণে কঠোর প্রতিরোধ সত্ত্বেও সৌদি সমর্থিত ইয়েমেনি সেনারা সাদায় অবস্থিত হুথি বিদ্রোহীদের মূল দুর্গগুলোর দিকে এগিয়ে যেতে সক্ষম হচ্ছে।’
















