ইসলাম টাইমস ডেস্ক : ট্রাস্ট পরিবহনের বাসের ধাক্কায় পা হারিয়েছেন বাংলামোটরে ফুটপাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণা রায়। তার পায়ের ক্ষতি পূরণ হিসাবে ট্রাস্ট পরিবহন কর্তৃপক্ষ ২ লাখ টাকা দিয়ে এখন দায় সারতে চাচ্ছেন। এমন প্রস্তাব নিয়ে তারা গতকাল বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপো-রেশনের (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে গিয়েছিল।
সেখানে কৃষ্ণা রায় চৌধুরীর স্বামী রাধে দেব তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই হাতিরঝিল থানায় বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনার অভিযোগে মামলা হয়েছে। রাধে দেব বাদী হয়ে দায়ের করা মামলায় পরিবহনের মালিক, চালক মোরশদ ও অজ্ঞাত হেলপারকে আসামি করা হয়েছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা সাংবাদিকদের বলেন, ‘ট্রাস্ট ট্রান্সপোর্ট মালিক সমিতির তরফ থেকে দুর্ঘটনায় পা হারানো কৃষ্ণা রায়কে ২ লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমাদের প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সেখানে উপস্থিত কৃষ্ণা রায়ের স্বামী রাধে দেবও ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস কর্তৃপক্ষের প্রস্তাবে রাজি হননি। পরে মামলা হয়েছে।’
















