ইসলাম টাইমম ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০২১ সালের জুনের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকারের ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। কাজ যেভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে।
পদ্মা সেতুর বাস্তবায়ন কাজের অগ্রগতি সম্পর্কে তিনি এসময় জানান, পদ্মা সেতুর মূল কাজের বাস্তবায়ন অগ্রগতি ৮৩ শতাংশ, আর্থিক অগ্রগতির ৭২ শতাংশ। নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি ৬২ শতাংশ এবং আর্থিক অগ্রগতির ৪৮ শতাংশ।
















