অক্টোবর-নভেম্বরে পাক-ভারতে পূর্ণমাত্রায় যুদ্ধ বাধতে পারে : পাকিস্তান রেলমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের পূর্ণমাত্রার যুদ্ধ বাধতে পারে বলে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশেদ আহমেদ আশঙ্কা প্রকাশ করেছেন।

গতকাল বুধবার নিজ শহর রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী এই আশঙ্কার কথা জানিয়েছেন বলে আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে খবর প্রকাশ করা হয়েছে।

পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, কাশ্মীরের মুক্তির জন্য চূড়ান্ত সংগ্রামের সময় এসে গেছে।

শেখ রাশেদ আহমেদ ভারতকে সতর্ক করে বলেন, এবার ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বাধলে তা হবে শেষ যুদ্ধ।

কাশ্মীরের ভাগ্য এখন কাশ্মীরি তরুণদেরই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী। তিনি বলেন, ‘কাশ্মীরের জনগণের পাশে আমাদের অবশ্যই থাকতে হবে।’

শেখ রাশেদ আহমেদ বাস্তবতা তুলে ধরে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরে অশান্তি সৃষ্টি করছেন। তিনি কাশ্মীরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। মোদির সামনে একমাত্র বাধা পাকিস্তান।

কাশ্মীর ইস্যুতে বাকি মুসলিম বিশ্ব চুপ কেন, সেই প্রশ্ন রাখেন পাকিস্তানের রেলমন্ত্রী।

উল্লেখ্য, সম্প্রতি মোদি সরকার ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে। কাশ্মীর নিয়ে মোদি সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা দেখা দিয়েছে।

পূর্ববর্তি সংবাদইসরাইলের বিরুদ্ধে ইরাকি এমপিদের আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান
পরবর্তি সংবাদতিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, অস্ত্র ও ইয়াবা উদ্ধার