ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সংবিধান সংশোধনের মাধ্যমে ভূস্বর্গ খ্যাত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় অঞ্চলটিতে ইতোমধ্যে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও এর আগেই গত ২৫ জুলাই উপত্যকাটির সাপ্তাহিক পত্রিকা ‘দ্য কাশ্মীরিয়তে’র সম্পাদককে গ্রেফতার করেছিল পুলিশ। মূলত সেদিন থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি গণমাধ্যমটির।
গ্রেফতার হওয়া সেই সম্পাদকের নাম কাজী শিবলি। তাকে খুঁজে পেতে এরই মধ্যে পাঠকদের কাছে এ বিষয়ে সাহায্যের জন্য আবেদন করেছে ‘দ্য কাশ্মীরিয়ত’ কর্তৃপক্ষ।
সূত্রের বরাতে গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, গত মঙ্গলবার (২৭ আগস্ট) ‘দ্য কাশ্মীরিয়ত’ তাদের ওয়েবসাইটে একটি খবর প্রকাশ করে। যেখানে দীর্ঘদিন যাবত গ্রেফতার থাকা পত্রিকাটির সম্পাদককে খুঁজে বের করতে সাহায্য চাওয়া হয়। সেই সংবাদের শিরোনাম দেওয়া হয়, ‘আমাদের সম্পাদক গ্রেফতার হয়েছেন। তাকে খুঁজে বের করতে সাহায্য করুন।’
প্রকাশিত খবরে গণমাধ্যমটির দাবি, গত ২৫ জুলাই ‘দ্য কাশ্মীরিয়তে’র সম্পাদক কাজী শিবলিকে গ্রেফতার করে পুলিশ। মূলত সেই দিন পত্রিকাটির সকল কর্মীকে থানায় ডেকে পাঠানো হয়। পরবর্তীতে সারা দিন জিজ্ঞাসাবাদের পর বাকিদের চলে যেতে বলা হলেও ছাড়া পাননি শিবলি। তারপর সাত-আট দিন তাকে আটক করে রাখা হয়েছে বলেই জানতে পারেন অন্যান্য সংবাদ কর্মীরা।
ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তারও সদুত্তর মেলেনি এখনো। তবে শিবলির পরিবারকে পুলিশ বলেছিল, গত ৫ আগস্ট ছাড়া পাবেন তিনি। যদিও এখন পর্যন্ত তার মুক্তি তো দূরের কথা; শিবলির কোনো খোঁজই পাচ্ছে না তার পরিবার।
গণমাধ্যমটির দাবি, তাদের সম্পাদকের কাছে কোনো অর্থ কিংবা অতিরিক্ত কোনো পোশাকও নেই। এর পরও সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না।
এ দিকে শিবলির ভাই কাজী উমেইর দাবি করছেন, ‘আমি খবর পেরেছিলাম আমার ভাইকে আগ্রা থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেখানে বেশ কয়েকবার ফোন করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মূলত এ কারণেই আমি ভীষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমার ভাইয়ের ঠিক কী খবর সেটাও আমরা জানতে পারছি না।’
















