ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টে কেবল একটি পরিবারকে হত্যা নয়, দেশের ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়। বাংলাদেশ সৃষ্টিতে যার অবদান, ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর যে অবদান তা মুছে দেওয়া হয়েছিল।
আজ শুক্রবার (৩০ আগস্ট) বিকালে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের এক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তখন একটি মাত্র টেলিভিশন (বিটিভি) ছিল। সেই বিটিভিতেও একবারও বঙ্গবন্ধুর নামটি আসেনি। একেবারে ইতিহাস থেকেই মুছে ফেলার অপচেষ্টা করা হয়।
তিনি বলেন, কারবালার ঘটনার পুনরাবৃত্তি যেন পঁচাত্তরের ১৫ আগস্টে ধানমন্ডির ৩২ নম্বরে ঘটছিল। সেদিন ভাগ্যক্রমে আমরা দুইবোন বেঁচে যাই।
তিনি বলেন, ১৯৭৫ সালের পর যারাই ক্ষমতায় এলো, সবাই ১৫ আগস্টের খুনিদের মদদ দিল। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে খুনিদের দূতাবাসে চাকরি দিয়েছিলেন। খালেদা জিয়াও তাদের পুনর্বাসন করেছেন। এরশাদও খুনিদের মদদ দিয়েছে পুরস্কৃত করেছেন।
















