ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। চলতি বছর ৬৯ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গেল এক মাসেই ভর্তি হয়েছে ৫০ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য বলছে, আগস্ট মাসের ১ তারিখ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৯ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অথচ ২০১৮ সালে মোট ডেঙ্গু রোগী ছিল ১০ হাজার।
এ বছর জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে মাসে ১৯৩, জুনে ১ হাজার ৮৮৪, জুলাইয়ে ১৬ হাজার ২৫৩ এবং আগস্টে (২৯ আগস্ট পর্যন্ত) ৪৯ হাজার ৯৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩ হাজার ২০০ জন অর্থাৎ ৯২ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
















