আওয়ামী লীগকে এরশাদের আসনে প্রার্থী না দেওয়ার অনুরোধ জাপার

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে  আওয়ামী লীগকে কোনও প্রার্থী না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

আজ শনিবার  দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় পলীনিবাস বাসভবনে এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘রংপুর সদর আসন মরহুম এরশাদের আসন। এ আসনে প্রতিবারই তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ আসনের উপ-নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করার দাবি আমাদের। এ আসনে যাতে আওয়ামী লীগ কোনও প্রার্থী না দেয়, সেজন্য অনুরোধ রইলো।’

জাপা মহাসচিব বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও অন্য দলের সঙ্গে মহাজোটগতভাবে অংশ নিয়েছি আমরা। এখন না হয় আমরা বিরোধী দলে আছি। নির্বাচন তো একসঙ্গেই করেছি। সে কারণে জাতীয় পার্টি মনে করে, এরশাদের প্রতি সম্মান প্রদর্শন করে রংপুর সদর আসনে আওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না।’

তিনি আরও বলেন, ‘উপ-নির্বাচনে প্রার্থী বাছাই করার বিষয়টি আমরা এতদিন স্থগিত রেখেছিলাম। প্রার্থী বাছাই করার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে দলের চেয়ারম্যান জিএম কাদের এবং আমিসহ প্রেসিডিয়াম সদস্যরা আছেন। কমিটির সদস্যেরা প্রার্থীদের সঙ্গে কথা বলবেন, দলের জন্য ত্যাগ-তিতিক্ষা ইত্যাদি বিষয় যাচাই বাছাই করে একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন। এ নিয়ে কোনও সমস্যা হবে না বলে আমি মনে করি।’

পূর্ববর্তি সংবাদআসামে এনআরসি: গৌহাটির গৃহবধু জমিরনদের ভবিষ্যত কী
পরবর্তি সংবাদ‘কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে গোটা উপমহাদেশকে অস্থিতিশীল করে তোলা হয়েছে’