ইসলাম টাইমস ডেস্ক: জয়পুরহাটের কালাই উপজেলার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই কুসুমসারা গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন সমর্থকরা কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঘেরার জন্য বেড়া দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাত্রায় ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদারের সমর্থকরা বাধা দিলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
















