ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেছিলেন।
স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে তিনি দেশের ভবিষ্যৎ সাজিয়ে দিয়ে গেছেন। কিভাবে দেশ এগিয়ে যাবে তা ঠিক করে দিয়েছিলেন। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গণবভনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনায় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ছাত্রলীগকে জাতির পিতার আদর্শে গড়ে তুলতে হবে। বেশি করে বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে, জাতির পিতাকে আরও জানতে হবে। দেশ তবেই এগিয়ে যাবে।
মায়ের স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, বাবা জেলে থাকা অবস্থায় মা এই ছাত্রলীগ পরিচালনা করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের সব নির্দেশনা মা-ই দিতেন। তারা সবসময় আলাদাভাবে আসতেন, পরামর্শ নিতেন। যখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যেত, নেতাকর্মীরা আসতে পারত না, তখন তিনি নিজেই ছদ্মবেশ ধারন করে তাদের সাথে দেখা করে বাবার দেয়া নির্দেশনা দিয়ে আসতেন।
তিনি বলেন, আন্দোলন কীভাবে করতে হয়, কীভাবে সফল করতে হয়, আমি যদি কিছু শিখে থাকি তা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। বাবা যখনই আন্দোলন সংগ্রাম করতেন, তখনই কারাগারে। কারাগারে যখন আমরা বাবার সাথে দেখা করতাম, তখন মা একবারও কোন হতাশার কথা বলেনি, কখনই বলেনি কিভাবে সংসার চালাবো।
















