ইসলাম টাইমস ডেস্ক : শুক্রবার করাচির কায়েদ-ই-আজম সমাধিতে পাকিস্তানি সেনার পোশাকে হাজির হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট তারকা আফ্রিদি। সমাধিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে কড়া বক্তব্য দেন।
সভায় সেনার পোশাক পরে আসার কারণ নিয়ে আফ্রিদি বলেন, ”আমি এই ক্যাপ ও শার্ট পরে এসেছি কারণ আমিও পাকিস্তানের একজন সৈনিক। পাকিস্তানের খারাপ সময়ে আমি ও আমার পরিবার সব সময় এগিয়ে আসব। আমি আজীবন পাকিস্তানের একজন সৈনিক হয়েই থাকব।”
আফ্রিদি বললেন, ”এই সময় বা যুগ কোনটাই যুদ্ধের নয়। আমরা ও আমাদের প্রধানমন্ত্রী ইমরান খান বারবার দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি করার চেষ্টা করেছি। কিন্তু মোদিজিরপিক্ষ থেকে কোন সাড়া মেলেনি। নরেন্দ্র মোদি ও তার অনুগামীরা সমগ্র বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করছেন। ভারতে শিক্ষিত ও ভাল মানুষও রয়েছেন। নরেন্দ্র মোদি সেইসব মানুষদের পরামর্শ শুনতে পারেন।”
তিনি আরও বলেন, “পাকিস্তান ভারতের সঙ্গে দ্বন্দ্ব চায় না। আমরা সবাই শান্তি চাই। কিন্তু মোদি সরকার সেরকম কিছুই চায় না। আমি পাকিস্তানিদের বলব, আপনারা দুঃসময়ের জন্য অপেক্ষা করবেন না। সব সময় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখবেন। সরকার ও বিরোধী পক্ষকেও এই কঠিন সময়ে একজোট হয়ে কাজ করতে হবে।”
















