ইসলাম টাইমস ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন সীমন্তবর্তী গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সাপ্তাহিক বিক্ষোভের অংশ হিসেবে শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পর হওয়া বিক্ষোভে ৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছে। ‘জিনহুয়া’
গাজা উপত্যকার স্বাস্থ্যমন্ত্রী আশরাফ আল-কাদরি এক সংবাদ বিবৃতিতে বলেন, ওই বিক্ষোভে বেআইনিভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী। এই ঘটনায় আহত হয়েছে ৭৫ জন ফিলিস্তিনি যাদের মধ্যে সাংবাদিক এবং চিকিৎসকও রয়েছেন।
শুক্রবার বিকেলে কয়েকশ ফিলিস্তিনি বিক্ষোভকারী পূর্ব গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যবর্তী সীমান্তের নিকটে জড়ো হয় এবং ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে। গ্রেট মার্চ অব রিটার্ন নামে পরিচিত এটি ছিল ইসরায়েল বিরোধী সমাবেশের ৭২ তম দিন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, ফিলিস্তিনি বিক্ষোভকারী সীমান্তে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এই ঘটনায় ইসরায়েলি সেনাদের মধ্যে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
















