ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলের সীমান্তবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ।
আজ রবিবার লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী আভিভিম অঞ্চলে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর ডেইলি সাবাহর।
হিজবুল্লাহর আল মানার টেলিভিশনের খবরে বলা হয়, আভিভিম অঞ্চলে অ্যান্টি ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় একটি ইসরাইলি সামরিক যান ধ্বংস হয়েছে। এতে ট্যাংকের ভেতরে একজন নিহত ও অপরজন আহত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
হিজবুল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় তাদের একটি সামরিক যান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহত হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, লেবানন সীমান্ত থেকে ইসরাইলের চার কিলোমিটার ভেতরের এলাকার একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার কারণে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া ওই গ্রামের কাছে একটি উন্মুক্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলেও জানায় তারা। তবে তাদের আপাতত আশ্রয়কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়নি।
















