ইসলাম টাইমস ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় বেহাল দশার সড়ক উন্নয়নে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে কোনো ফল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসী এবার সড়কের উপরেই তৈরি করেছেন বাঁশের সাঁকো। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ওই এলাকার পাঁচ গ্রামের মানুষ এখন চলাচল করছে বাঁশের সাঁকোর উপর দিয়ে।
স্থানীয়রা জানায়, উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ গ্রামের সড়ক এটি। সর্বশেষ ১৯৮৭ সালে এ সড়কটি কেয়ারের অর্থায়নে মাটি দ্বারা উন্নয়ন করা হয়। এরপর জনপ্রতিনিধিদের কাছে বহু দেনদরবার করেও সড়কটির কোনো সংস্কার করাতে পারেনি এলাকাবাসী।
জানা যায়, কুয়াকাটায় আগত পর্যটকরা সূর্যোদয় দেখতে এই সড়ক দিয়ে গঙ্গামতি যাতায়াত করে। এছাড়া একটি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রসার শিক্ষার্থীদের চলাচল এবং পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি।
সড়কটির উপর দিয়ে প্রভাবশালীদের ৬ চাকার ট্রলি চলাচলে সড়কটির এখন বেহাল দশা। বর্ষা মৌসুম হওয়ায় সড়কটির প্রায় আধা কিলোমিটার জুড়ে হাঁটু সমান কাঁদামাটি হয়ে আছে। দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার না হওয়ায় চাষ করার উপযোগী কৃষিজমিতে পরিণত হয়েছে সড়কটি। তাই গ্রামবাসীরা চলাচলের জন্য রাস্তার উপর বাঁশ দিয়ে সাকোঁ তৈরী করেছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ওই সাকোঁ পার হয়ে স্কুল কলেজে যাতায়াত করছে।
তবে সড়কের উন্নয়নে এটিই এলাকাবাসীর প্রথম প্রতবাদ নয়। এর আগে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শিক্ষার্থীসহ গ্রামবাসীরা রাস্তায় ধানের বীজ বপন করেন।
লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা জানান, সড়কটির বর্তমানে বেহাল দশা। মাননীয় সংসদ সদস্যের বরাবরে এ সড়ক নির্মাণের জন্য আবেদন জানানো হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, সড়কটি পাকা করার জন্য প্রকল্প দেয়া হয়েছে। শীঘ্রই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
















