অবশেষে স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ওমর-মেহবুবা

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত জম্বু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি অবশেষে স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন। গ্রেপ্তারের প্রায় এক মাস পর স্বজনদের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন তারা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট জম্বু-কাশ্মীরের বিশেষ অধিকার ৩৭০ ধারা বাতিল করার পর প্রথমে গৃহবন্দী ও পরে গ্রেপ্তার করা হয় সাবেক মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে।

নতুন আদেশের ফলে ওমর আবদুল্লাহর সঙ্গে তার পরিবার শ্রীনগেরর হারি নিয়াসে সপ্তাহে দুদিন দেখা করতে পারবেন। ওমরের বোন সাফিয়া ও সাফিয়ার সন্তানরাও তার সঙ্গে দেখা করতে পারবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

অন্যদিকে মেহবুবা মুফতির সঙ্গে তার মা ও বোন আগামী বৃহস্পতিবার দেখা করার অনুমতি পেয়েছেন। পিডিপি প্রেসিডেন্ট মেহবুবা বর্তমানে চেশমাশাহিতে পর্যটন বিভাগের একটি ভবনে আটক রয়েছেন যাকে ইতিমধ্যেই উপ-কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

৪৯ বছর বয়সী ওমর আবদুল্লাহ বই পড়েই তার বন্দী জীবন পার করছেন বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদ‘ভারত থেকে মুসলিমদের তাড়ানোর সহজ রাস্তা এনআরসি’
পরবর্তি সংবাদঝিনাইদহে বাস-লেগুনা সংঘর্ষ, আহত ১০