ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে আইএসএ’র কোনো অস্তিত্ব নেই দাবি করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একটি গাড়ির চাকা ব্লাস্ট (বিস্ফোরণ) হলেও বলা হয়, আইএস করেছে। ককটেল ব্লাস্ট হলেও বলা হয়, আইএস করেছে। প্রকৃত সত্য হচ্ছে, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।’
রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এখন জঙ্গি সংগঠনগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। তবে তারা শেষ হয়ে গেছে, এটা সঠিক নয়। তারা মাঝে মধ্যে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য ছোট ছোট হামলার ঘটনা ঘটায়। তবে যে যাই করুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি। বিএনপির নেতৃত্বে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমি বিএনপিকে বলব, জঙ্গি-সন্ত্রাস পরিহার করে সুস্থ রাজনীতিতে ফিরে আসুন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকেও সভা-সমাবেশ করার অনুমতি দিত না। ২১ শে আগস্টে সমাবেশের জন্য এমন জায়গা নির্ধারণ করে দিয়েছিল যাতে পাশের ভবন থেকে গ্রেনেড ছোড়া যায়। গভীর রাতে অনুমতি দেওয়া দিয়েছিল যাতে আমরা মঞ্চ বানাতে না পারি। সেকারণে ট্রাকে মঞ্চ বানানো হয়েছিল।’
















