বিএসএফের গুলিতে রাজশাহী সীমান্তে ১০ বাংলাদেশি আহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ছররা গুলিতে অন্তত ১০ বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের রাজশাহীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর চর খানপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খানপুর গ্রামের কৃষক রুমোন (২৩), সুজন (২৩), সোহেল (২৮), দুলাল (৩৫), রবিউল (৩২) রুবেল (২৫), দলাল (৪০), জোটু (৪০), সুরুজ (১৯) এবং সুমন (৩০)।

আহতরা জানান, সকালে তারা বাংলাদেশের সীমানার ভেতরেই জমিতে কাজ করছিলেন। তখন বিএসএফ সদস্যরা ট্রাকে করে এসে তাদের ওপর অতর্কিতভাবে শর্টগানের ছররা গুলি ছুড়তে শুরু করেন। তারা তখন দিকবিদিক ছুটতে শুরু করেন। আহত হন অন্তত ১০ জন। তখন বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে এসে তাদের কাজ করার হাসুয়া, কোদাল জব্দ করে নিয়ে যান।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেছেন, ছররা গুলিতে বাংলাদেশি তিনজন কৃষক আহত হওয়ার খবর তাদের কাছে আছে। তবে ১০ জনের বিষয়টি তাদের জানা নেই। আর শর্টগান দিয়ে এলোপাথাড়ি রাবার বুলেট ছোড়া হয়েছে বলে তারা শুনেছেন। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে : ফটিকছড়ি সমাবেশে বক্তারা
পরবর্তি সংবাদজার্মানিতে আবারও অভিবাসন বিরোধীদের রমরমা অবস্থা