এবার ছেলেদের বিদ্যালয়েও পড়াতে পারবেন সৌদি নারীরা

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে এবার ছেলেদের সরকারি বিদ্যালয়েও পড়াতে পারবেন সৌদি নারীরা। নতুন এ প্রকল্পের আওতায় দেশের এক হাজার ৪৬০টি রাষ্ট্র পরিচালিত স্কুলে এখন থেকে ছেলেদের ক্লাস নেবেন নারী শিক্ষকরা। প্রথমবারের মতো নারীদের এমন সুযোগ দিচ্ছে দেশটি। খবর আরব নিউজের

আরব নিউজ জানিয়েছে, নারীরা পুরুষ শিক্ষকদের তুলনায় শিশুদের ভালো নিয়ন্ত্রণ করতে পারেন বলেই এমন প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি শিক্ষা বোর্ডের সহকারী সাধারণ পরিচালক সুয়াদ আল মানসুর।

আরব নিউজকে তিনি বলেন, এই প্রকল্পের প্রধান লক্ষ্য- শিক্ষাব্যবস্থায় দক্ষতা বৃদ্ধি ও শিক্ষা ক্ষেত্রে প্রতিটি শিশুর সমান অধিকার নিশ্চিত করা। আর এ কাজে নারী শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য।

তিনি বলেন, একজন মানুষের ব্যক্তিত্ব গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার শিশুকাল। শিশু বয়সেই মানবিকতা ও নৈতিকতা শেখে মানুষ। আর পুরুষদের তুলনায় নারী শিক্ষকরা শিশুদের প্রতি অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করেন এবং ভয়ভীতি কম দেখান, যা শিশুদের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মূলত মাতৃত্বের ছায়ায় শিক্ষাগ্রহণ করানোর উদ্দেশ্যেই শিশুদের জন্য নারী শিক্ষক বরাদ্দ করা হচ্ছে বলে জানান তিনি।

আল মানসুর বলেন, প্রাইমারি গ্রেডে ছেলেমেয়েদের একসঙ্গে কোনো ক্লাস হবে না। তাদের ক্লাসরুম, শৌচাগার এবং অন্য সুযোগ-সুবিধা সব আলাদা থাকবে।

এদিকে বিষয়টিকে সাশ্রয় হিসেবেও দেখছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়।

তারা বলছেন, নারী শিক্ষকরা ১৩ দশমিক ৫ শতাংশ ছেলেশিশুকে শিক্ষাদান করবেন। এতে শিক্ষা ক্ষেত্রে ৫৩৩ মিলিয়ন ডলার কম খরচ হবে।

পূর্ববর্তি সংবাদ‘কাশ্মীরিদের রক্ষায় পাকিস্তানের সেনাবাহিনী পাঠানো উচিত’
পরবর্তি সংবাদনির্মাণ শেষ হওয়ার আগেই ধসে গেলো বিদ্যালয় ভবন