ইসলাম টাইমস ডেস্ক: মোহাম্মদপুর তাজমহল রোডে মিনার মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের খাবার ঘর ভাঙ্গার প্রতিবাদে মোহাম্মদপুর ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়ার গতকাল রাতে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, উক্ত জায়গায় পুনরায় মাদ্রাসার খাবার ঘর নির্মাণ করা হবে। প্রয়োজনে ইত্তেফাকের হাজার হাজার ছাত্র নিয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে। সাথে সাথে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
তারা হলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহতামিম আল্লামা মাহফুজুল হক, জামেয়া ইসলামিয়া আরাবিয়া লালমাটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক আমাদ, জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা জালাল উদ্দিন, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোঃ ফয়সাল, আশরাফুল মাদারিস মাদ্রাসার মুহতামিম, মাওলানা ইসমাইল, বাইতুল ফালা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ তালহা, ওয়াহিদিয়া মাদ্রাসার মুহতামিম, মাওলানা মোঃ জুবায়ের।
উক্ত কমিটি তাৎক্ষণিক মিনার মসজিদ মাদরাসা পরিদর্শন করেন এবং ওই জায়গাতেই পুনরায় বোর্ডিং বানানোর কাজের ঘোষণা দিয়ে সিটি কর্পোরেশনের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান। সাথে সাথে ভবিষ্যতে যে কোন মাদ্রাসা মসজিদের প্রতি এ ধরনের ন্যাক্কারজনক কাজ করা হলে তার কঠিন ভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
গভীর রাত্রে দোয়ার মাধ্যমে ইত্তেফাকের এই পরিদর্শন এবং বৈঠক শেষ হয়।
















