ইসলাম টাইমস সেস্ক: কাশ্মির ইস্যুতে ভারত-পাকিস্তানের মাঝে তীব্র উত্তেজনার মধ্যেই কাশ্মির সীমানার লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা বরাবর বাঙ্কার তৈরি করছে পাকিস্তান সেনাবাহিনী। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় কাশ্মির সীমান্ত জুড়ে বাঙ্কার তৈরি করেছিল পাকিস্তান, ২০ বছর পর ঠিক একইভাবে কাশ্মিরের বালতোরা সেক্টরের স্কার্দু এলাকার সম্মুখভাগে বাঙ্কার নির্মাণ করছে পাকিস্তান।
সোমবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে বালতোরা সেক্টরের স্কার্দু এলাকায় বেশ কয়েকটি নতুন বাঙ্কার তৈরি করছে পাকিস্তান। আজাদ কাশ্মিরের ওই এলাকাটি কার্গিলের ঠিক বিপরীত পাশেই অবস্থিত। ভারতীয় সংবাদমাধ্যম আরো জানায়, ২০ বছর আগে ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় পাকিস্তান যেভাবে সীমান্তে বাঙ্কার তৈরি করেছিল, এখনও ঠিক সেভাবেই নির্মিত হচ্ছে বাঙ্কারগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী বাঙ্কার নির্মাণ শুরু করার পর ইতোমধ্যে ছয়টি বাঙ্কারের কাজ পুরোপুরি শেষ অর্থ্যাৎ ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা বাহিনী খবর পেয়েছে। কাশ্মিরের সীমান্ত রেখা ঘেঁষে ১০ থেকে ১২ ফুট এবং কোথাও ২০ থেকে ২২ ফুট উঁচু আরও কয়েকটি বাঙ্কার নির্মিত হচ্ছে বলেও দাবি ভারতীয় সেনাবাহিনীর।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ধারণা, পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডোদের জন্য ব্যবহৃত হবে এ সব বাঙ্কার। তাছাড়া ওই এলাকায় সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো কিংবা অস্ত্র মজুদের জন্য পাকিস্তানের সেনাবাহিনী এ বাঙ্কারগুলো নির্মাণ করছে।
ভারত গত ৫ আগস্ট দেশটির সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে। ফলে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল হয়। এরপর থেকে কার্যতঃ জম্মু-কাশ্মির ভারতসহ সারাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি কাশ্মির উপত্যকায় ইন্টারনেট সংযোগ, টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়ার মাধ্যমে সারাবিশ্ব থেকে কাশ্মিরকে বিচ্ছিন্ন করে রেখেছে ভারত সরকার।
















