ইসলাম টাইমস ডেস্ক: সাভারের আশুলিয়ার একটি সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামগড়ার শিমুলতলার ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গোডাউনের মালিক জামান মীর বলেন, হঠাৎ করেই আগুন ধরে যায়। কীভাবে কী হলো কিছুই বলতে পারি না। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার কয়েক লাখ টাকার সুতা পুড়ে গেছে। এছাড়া ১০টা টিনের কক্ষ পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সুতার গোডাউন হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি ছিল যে কারণে ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
















