ইসলাম টাইমস ডেস্ক: প্রত্যাবাসন বিরোধী প্রচারণা ও রোহিঙ্গা সমাবেশে আর্থিক সহায়তার দায়ে আন্তর্জাতিক এনজিও সংস্থা আদ্রা ও আল মারকাজুল ইসলামের কক্সবাজার শাখার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) এ দুটি এনজিও সংস্থার কক্সবাজার এলাকায় সব ধরণের কর্মকান্ডে নিষেধাজ্ঞা জারি করেছে এনজিও ব্যুরো।
এ বিষয়ে এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম বলেন, রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে এই দুটি এনজিও সংস্থার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক একাউন্টও।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবছার বলেন, গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা ও প্রত্যাবাসন বিরোধী প্রচারণার অভিযোগে এ দুইটি এনজিওর কার্যক্রম বন্ধ সংক্রান্ত চিঠি পেয়েছি। এখন তা বাস্তবায়ন করা হবে।
এর আগে শনিবার (৩১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে ১৩৯টি এনজিও। অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে এর মধ্যে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। যদিও দেশি-বিদেশি বিভিন্ন এনজিও নানাভাবে তদবির করছে, যাতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়।
















