২৪ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরাইলের হাতে বন্দী

ইসলাম টাইমস ডেস্ক: সাংবাদিক সমর্থন কমিটি (জেএসসি) গত রোববার জানিয়েছে, ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

জেএসসি এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, ইসরাইলের সামরিক দখলদার কর্তৃপক্ষ ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে নির্যাতন ও দমন অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি গণমাধ্যম অধ্যাপক উইদাদ আল-বারঘৌতিকে আটক করার পরিপ্রেক্ষিতে জেএসসির প্রকাশিত এ বিবৃতিতে কারাবন্দী সাংবাদিকদের সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আল-বারঘৌতি বিরজিট বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমের প্রভাষক।

জেএসসি জানিয়েছে, ইসরাইল আগস্টে চারজন সাংবাদিককে গ্রেফতার করেছে এবং অপর দু’জনের আটকের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়েছে। এতে আরো উল্লেখ করা হয়েছে যে, কারাগারে থাকা ২৪ জন সাংবাদিকের মধ্যে পাঁচজনকে ইসরাইল কর্তৃক প্রশাসনিক আটকাদেশের আওতায় কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। তা ছাড়া সাতজনকে সাজা দেয়া হয়েছে এবং ১২ জনকে বিচার ঝুলিয়ে রেখে কারাগারে আটক রাখা হয়েছে।

জেএসসি উদ্বেগ জানিয়ে বলেছে যে, ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ সাংবাদিকদের কাজকে বাধা দেয়ার জন্য বল প্রয়োগ করছে। বিশেষ করে যারা জাতীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে ইসরাইলের অপরাধের চিত্র প্রকাশ্যে তুলে ধরছে। ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও কনভেনশনের লঙ্ঘন।

ফিলিস্তিনি সাংবাদিক বাসাম আল-সায়িহের পরিস্থিতি তুলে ধরে কমিটি উল্লেখ করেছে যে, কারাগারে ক্রমেই তার স্বাস্থ্যের অবনতি ঘটছে। জেএসসি আরো জানিয়েছে যে, ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের ‘ইচ্ছাকৃতভাবে চিকিৎসায় অবহেলা’ করা হচ্ছে।

জেএসসি ফিলিস্তিনি সাংবাদিকদের সুরক্ষা এবং সশস্ত্র সংঘর্ষে বেসামরিকদের সুরক্ষা সম্পর্কিত জাতিসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের ২২২২-এর শর্তাবলি ইসরাইলকে মেনে চলতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, দ্যা ফিলিস্তিন

পূর্ববর্তি সংবাদনাটোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ঘর পুড়ে ছাই
পরবর্তি সংবাদআসামির স্ত্রীকে ধর্ষণ: মামলায় নাম নেই ‘প্রধান অভিযুক্ত’ এসআই খায়রুলের