১০ লাখ টাকা ছিনতাইচেষ্টা, কনস্টেবলের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর মতিঝিলে ১০ লাখ টাকা ছিনতাইচেষ্টার ঘটনায় বংশাল থানার কনস্টেবল মামুনসহ (৩৫) তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি দুইজনের মধ্যে একজনের নাম জিতু এবং অন্যজনকে অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ভুক্তভোগী আবুল কালাম মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আবুল কালাম নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইচেষ্টার ঘটনায় বংশাল থানার কনস্টেবল মামুনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি ছিনতাইচেষ্টা বলে প্রতীয়মান হয়েছে।

ওসি ওমর ফারুক আরও বলেন, প্রাথমিকভাবে কনস্টেবল মামুন জানায়, আবুল কালামের কাছে তার এক বন্ধু সাড়ে তিন লাখ টাকা পাবে। সেই টাকা পরিশোধ না করায় কালামের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিলেন তিনি। কিন্তু প্রাথমিকভাবে তার এ বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

এর আগে, বুধবার বিকেল ৩টার দিকে আবুল কালাম নামে ওই যুবকের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

পূর্ববর্তি সংবাদআসামে ‘বিদেশি’দের জন্য নির্মিত হচ্ছে বন্দিশিবির
পরবর্তি সংবাদসীমান্তে আবারো বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত