ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোন আস্থা নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় সফল, কিন্তু কার্যক্ষেত্রে বিফল।
তিনি বলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতাদের জনগণের ওপর কোন আস্থা নেই। তাদের আস্থা বিদেশীদের ওপর। তারা বারবার কূটনীতিকদের সাথে বসে এটাই প্রমাণ করছে।
তিনি গতকাল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কোনকিছু হলেই তারা নালিশ করতে যায় বিদেশীদের কাছে। অনেকেই বলেন, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে।
আগামী অক্টোবরে বিএনপি আন্দোলনে যাবে, মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলন কোন বছরের অক্টোবরে হবে তা কেউ জানে না। এমন আন্দোলনের ঘোষণা তারা অতীতে বহুবার দিয়েছেন। কিন্তু মাঠে তাদের কাউকে দেখা যায়নি।
















