২৪ ঘণ্টায় আরো ৭৮৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি

ইসলাম টাইমস ডেস্ক: চলতি মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তির ক্ষেত্রে কমা-বাড়ার মধ্যে রয়েছে। কিন্তু মৃত্যু থামছে না। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসের পর অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরো কমে আসবে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৮৮ জন নতুন রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৮২০ জন। একদিনে রাজধানী ঢাকায় ৩৩১ জন এবং ঢাকার বাইরে ৪৫৭ জন ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য, বর্তমানে  সারা দেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ৩ হাজার ৩৭১ জন। যার মধ্যে ঢাকায় এক হাজার ৭২৯ এবং ঢাকার বাইরে এক হাজার ৬৪২ জন।

গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো থেকে ৭০ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকায় ৪০ হাজার ৬২৯ জন, ঢাকার বাইরে ৩০ হাজার ১৬১ জন। অর্থাৎ ৯৫ শতাংশ রোগী বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৭৪ হাজার ৩৫৩ জন। এর মধ্যে ঢাকায় ৪২ হাজার ৫১৪জন, ঢাকার বাইরে ৩১ হাজার ৮৩৯ জন।  চলতি মাসের ৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৫৬ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন। এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত  হয়ে সারা দেশে ১৯২ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে(আইইডিসিআর) পাঠানো হয়েছে। সংস্থাটি এর মধ্যে ৯৬টি মৃত্যু ঘটনা পর্যালোচনা করে ৫৭ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। এখনও পর্যালোচনা অব্যাহত রয়েছে। গতকালও ঢাকার বাইরে অন্ততঃ একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত শ্রাবন্তী (৫) নামের এক শিশু মারা গেছে।

পূর্ববর্তি সংবাদএক মাসেও বদলায়নি কাশ্মীর, গ্রামবাসীকে ভারতীয় সেনাদের মারধর
পরবর্তি সংবাদ‘জনগণের পকেট কাটতেই মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার’