ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত শেড এনজিও’র অফিস কাম গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উখিয়ার মালভিটায় অবস্থিত শেড অফিসে অভিযান চালানো হয়।
উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে চালিয়ে বিভিন্ন প্রকারের সাত হাজার চারশত পিস দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেন।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে নিড়ানি, কোদাল, বেলচা, বল্লম, লাঠি ও ব্যাট উল্লেখযোগ্য। জব্দ করা অস্ত্র উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে রাখা আছে।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত শেড এনজিও কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। শেড এনজিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আইওএম অর্থায়নের উখিয়ার রাজাপালং ইউনিয়ন ও জালিয়াপালং ইউনিয়নের হত দরিদ্র লোকজনের মাঝে বিতরণ করা জন্য এসব জিনিস তৈরি করা হয়।
সম্প্রতি উখিয়ার কোটবাজারের ভালুকিয়া সড়কের একটি কামারের দোকান থেকে ছয়শতাধিক বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র তৈরি করা হয়। এসব দেশীয় অস্ত্র বানানোর জন্য অর্থ দেয় মুক্তি কক্সবাজার নামক এনজিও। এ নিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে এনজিও ব্যুরো পক্ষ থেকে মুক্তি কক্সবাজারের ছয়টি প্রকল্প সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, এসব এনজিওগুলো দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ কারণে রোহিঙ্গাদের মাঝে এসব বিতরণ করা হচ্ছে।
উখিয়ার সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম বলেন, শেড অফিসে অভিযান চালিয়ে এসব জিনিস উদ্ধার করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান রবিন চৌধুরী বলেন, এগুলো রোহিঙ্গাদের জন্য নয় হোস্ট কমিউনিটির জন্য। শেডের কাগজপত্র যাচাই বাছাই করার কাজ চলছে।
















