এমপি-মন্ত্রীসহ আওয়ামী লীগের ১৫০ নেতাকে পাঠানো হচ্ছে শোকজ নোটিশ

ইসলাম টাইমস ডেস্ক: গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদেরকে ও তাদের মদদদাতা ১৫০ জনকে শোকজ করতে যাচ্ছে আওয়ামী লীগ। মদদদাতা হিসেবে এ তালিকায়  বিভিন্ন এমপি-মন্ত্রীরাও আছেন।

আগামীকাল রবিবার থেকে এই শোকজ নোটিশ সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হবে।

শনিবার রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিলেন, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রসেস কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি। আগামীকাল থেকে ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে।

তিনি আরও বলেন, ‘মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারে। যাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বি এম মোজাম্মেল হক প্রমুখ।

পূর্ববর্তি সংবাদদারুল উলুম দেওবন্দে পালন করা হল বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তি সংবাদওয়াসেল! তোমাকে ভুলতে পারছি না