শিক্ষিকার সহায়তায় নার্সারির ছাত্রীকে ধর্ষণ করল শিক্ষক

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় ছয় বছর বয়সের নার্সারি পড়ুয়া স্কুলছাত্রীকে শিক্ষিকার সহায়তায় ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আসামিকে গাজীপুর আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন (২২) শরীফপুর এলাকার আদর্শ শিশুকানন কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক। তিনি শরীফপুর খানবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি বিবাহিত। তার স্ত্রী সন্তান সম্ভবা বলে জানা গেছে।

শিশুটির মা জানান, শিশুটি গত ৩১ আগস্ট সকাল পৌনে নয়টার দিকে স্কুলে যায়। বেলা ১১টার দিকে মেয়ে স্কুল থেকে এসে কান্নাকাটি করতে থাকে এবং তার প্যান্টের নিচে রক্তক্ষরণ দেখায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে প্রথমে বিষয়টি বলতে চায়নি। তার রক্তক্ষরণ দেখে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হয়। তারপরও রক্ত বন্ধ না হলে শিশুটি প্রকৃত ঘটনা খুলে বলতে বললে সে ঘটনা খুলে বলে।

মেয়েটি তার মাকে জানায়, ঘটনার দিন সকাল সোয়া নয়টার দিকে সব শিক্ষক ক্লাসে চলে গেলে ইংরেজি বিভাগের শিক্ষিকা ফরিদা বেগম তাকে শিক্ষক মিলনায়তন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক আনোয়ার হোসেন। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আনোয়ার হোসেনসহ ওই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষিকা ফরিদা বেগমকে আসামি করে মামলা করেন শিশুটির মা। এর পরই আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে আবারও ট্রলার ডুবি, তিন জেলে নিখোঁজ
পরবর্তি সংবাদভারতীয় রাষ্ট্রপতিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান