জম্মু-কাশ্মীরে গোলাগুলিতে শিশুসহ আহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরের সোপোর এলাকায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। গোলাগুলিতে এক শিশুসহ চারজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ডেঙ্গারপোরা সোপোর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীদের গুলিতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। গোলাগুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এই ঘটনা তদন্ত করা হচ্ছে।

এদিকে ভারতের তদন্ত কর্মকর্তারা দাবি করছেন, বন্দুকধারীদের কাশ্মীর উপত্যকায় পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ওই এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্যই এমন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ভারত।

তবে জম্মু-কাশ্মীরে কঠোর নিরাপত্তার কারণে বড় ধরনের কোন সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি। ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে থেকেই সেখানে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর নিরাপত্তা জারি রয়েছে।

পূর্ববর্তি সংবাদকিশোর গ্যাং: আটকদের ১০৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
পরবর্তি সংবাদগুলি করে মেরে বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ