ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মারাত্মক অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর ষড়যন্ত্র করছে সরকার। অথচ তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
আজ রবিবার নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিদিনই তার স্বাস্থ্যের অবনতি ঘটছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আত্মীয়স্বজন যারা দেখা করতে যান, আমরা গিয়েছি, আমরা জানি, তাকে বিছানা থেকে ওঠাতেও দুজনকে সাহায্য করতে হয়, বিছানা থেকে ওয়াশরুমে যাওয়ার জন্যে তাকে হুইল চেয়ারে করে নিতে হয় সেখানেও আরো দুইজনকে হেলপ করতে হয়।
মির্জা ফখরুল বলেন, এখনও তিনি পা বেন্ড করতে পারেন না, চেয়ারে বসলে পা সোজা করে রাখতে হয়। রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন না, তার দুই কাঁধ প্রায় ফ্রোজেন, হাতগুলো ফ্রোজেন হয়ে যাচ্ছে। অসুখটা এমন যেটা- ইরিভারসেভেল ডিজিস, যে ক্ষতিটা হবে তা আর কোনো চিকিৎসাতেই ফিরে আসবে না।
ফখরুল আরো বলেন, বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর গতকাল সাংবাদিকদের বলেছেন, তিনি (খালেদা জিয়া) এখন সুস্থ হয়ে গেছেন, তার রোগের উপশম হয়েছে এবং পরিচালক.. সম্ভবত তিনিও বলেছেন, তিনি (খালেদা জিয়া) এখন সুস্থ।
তিনি বলেন, আমরা মনে করি, এটা ষড়যন্ত্রেরই একটা অংশ। তাকে আবার চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানোর একটা ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে। আমরা যেটা বলতে চাই, দেশনেত্রীর চিকিৎসা যদি প্রোপারলি না হয় তাহলে যেটা তার ঘটছে সেটা হচ্ছে- প্রতিদিন তার শরীর আরও খারাপ হচ্ছে, অবনতি হচ্ছে তার স্বাস্থ্যের । যেটাকে বলা হচ্ছে যে, প্রোগ্রেসিভলি খারাপের দিকে যাচ্ছে।
















