বিদেশিদের শেখানো বুলি আওড়ায় টিআইবি: ডেপুটি স্পিকার

ইসলাম টাইমস ডেস্ক: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায়। একাদশ জাতীয় সংসদকে নিয়ে দুর্নীতি বিরোধী গবেষণা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া প্রতিবেদনের কঠোর সমালোচনা করে ডেপুটি স্পিকার এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, বিদেশ থেকে পাঠানো টাকায় শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে বিদেশিদের শেখানো বুলি আওড়ায় টিআইবি। বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই।

আজ সোমবার জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি একথা বলেন।

ফজলে রাব্বী মিয়া আরও বলেন, ‘বিদেশিরা যেভাবে বুলি শিখিয়ে দেয়, তারা (টিআইবি) সেভাবে তা আওড়ায়। আমরা সেভাবে করি না। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে কত টাকা বেতন নেন? আমরাও শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আইন পাস করি। এটা কারও দয়ার টাকা নিয়ে নয়। জনগণের টাকায়, তাদের রায় নিয়ে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ফরিদুল হক খান, আরোমা দত্ত, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সামিল উদ্দিন আহমেদ শিমুল, কাজী কানিজ সুলতানা প্রমুখ।

পূর্ববর্তি সংবাদচন্দ্রযান-২: ইসরোপ্রধান শিবনকে হৃদয়স্পর্শী চিঠি লিখলেন এক কাশ্মীরি
পরবর্তি সংবাদকাশ্মীরে গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: আতাউল্লাহ হাফেজ্জী