ইসলাম টাইমস ডেস্ক: সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদ হয়েছেন বর্তমান সরকারের গৃহপালিত বিরোধী দলীয় নেত্রী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এরশাদ বরাবরই আওয়ামী লীগের শেখ হাসিনার গৃহপালিত নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর উনার স্ত্রী রওশন এরশাদ এই দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, সংসদে প্রায়ই তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মিথ্যা কথা বলেন। যে কথাগুলোর কোনো ভিত্তি নেই এবং ইতিহাস স্বাক্ষ্য দেয় না।
বরং সত্য হচ্ছে এটাই একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে এরশাদ যখন রাষ্ট্রক্ষমতা দখল করেন, তখন তিনি (শেখ হাসিনা) ভারত সীমান্তে বলেছিলেন, ‘আই অ্যাম নট আনহ্যাপি’। অর্থাৎ তিনি অখুশী নন। আর এরশাদ যখন জবর-দখল করে ক্ষমতা দখল করেন তখন তাঁর (শেখ হাসিনা) কাজ দেখেই আমরা বুঝেছি, এরশাদকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং মানুষের অধিকার কেড়ে নিয়েছেন।’
ফখরুল বলেন, ‘বরাবরই তিনি (শেখ হাসিনা) এরশাদকে সঙ্গে নিয়ে অ্যালায়েন্স করেছেন। তাঁদের সঙ্গে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে তাঁদেরকে বিরোধীদলে বসিয়েছেন।’
















